কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং অন্যান্য বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল কুয়েতে একটি বাণিজ্য সভায় যোগ দিয়েছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলটি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও অংশ নেয়। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী ব্যবসায়ীরা কুয়েতে তাদের দীর্ঘদিনের ব্যবসা পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বিভিন্ন সেবা ও পণ্যের নতুন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তারা বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা সফররত বাণিজ্য প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন।
প্রতিনিধিদলের প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং অন্যান্য সদস্যরা ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাসমূহ লিপিবদ্ধ করেন। তারা আশ্বাস দেন, বিষয়গুলো ঢাকায় যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এই বৈঠক বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বাজার সম্ভাবনা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


















