কুয়েতে প্রবাসীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণে ভিড়
কুয়েতে ভাষাগত দুর্বলতার কারণে অনেক প্রবাসী সঠিকভাবে চিকিৎসা ব্যাখ্যা করতে না পারায় এবং ব্যয়বহুল চিকিৎসার ভয় থেকে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এড়িয়ে যান। ফলে অনেকেই জটিল রোগে আক্রান্ত হন। প্রবাসীদের এ পরিস্থিতি বিবেচনা করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, সচেতনতা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং দেশটিতে কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
মেডিকেল ক্যাম্পে আবদালী, ফাহাহিল, মাতলাাসহ কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য প্রবাসী স্বাস্থ্যসেবা নিতে ছুটে আসেন। দিনব্যাপী ৫ শতাধিকেরও বেশি বাংলাদেশি এই সেবা গ্রহণ করেন। তাদের সেবায় ছিলেন বাংলাদেশি অভিজ্ঞ ডাক্তার ও নার্সরা। ডায়াবেটিস, রক্তচাপ, ওজনসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
সেবা নিতে আসা প্রবাসীরা জানান, এমন আয়োজন প্রতি সপ্তাহে অন্তত একদিন বা না হলে প্রতি মাসে একবার হলেও নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন, যাতে প্রবাসীরা সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।


















