কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসর এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে জানালেন মন্ত্রী
দেশের সকল কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কুইক রেন্টাল কেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১৫ আসনের সদস্য শাহাজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে মে মাস থেকে তেলের দাম কিছুটা কমলেও তা এখনো ব্রেক-ইভেনের ওপরে থাকায় ডিজেলে, অকটেন ও পেট্রোল বিক্রয়ে বিপিসিকে দৈনিক প্রায় ৭৮ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। গত মার্চ থেকে ১১ জুন পর্যন্ত বিপিসির প্রকৃত লোকসানের পরিমাণ প্রায় ১৭ হাজার ৩৯ কোটি ৫৬ লাখ টাকা। জনস্বার্থে ডিজেলের দাম না বাড়ালেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে সহনশীল পর্যায়ে আসলে দেশের বাজারেও দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।
এলপিজি সহজলভ্য হওয়ায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ চালুর বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। গ্যাসের দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে গড়ে ২৬৫৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে, যার ফলে দৈনিক ঘাটতি থাকছে প্রায় ১১৪৬ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশে গ্রিডভিত্তিক মোট ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে, যার মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা মে মাস পর্যন্ত ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট। এছাড়া দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ৫টি কয়লাক্ষেত্রের মধ্যে শুধুমাত্র বড়পুকুরিয়া থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং বাকিগুলোর সমীক্ষা বিভিন্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বিপিসি ও বিপণন কোম্পানিগুলোর মে মাস পর্যন্ত ১৪০৯টি অডিট আপত্তি রয়েছে, যার মোট টাকার পরিমাণ ১ লাখ ১৬ হাজার ২৩৩ কোটি টাকা। অডিট আপত্তির হালনাগাদ তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এবং অনিয়ম প্রতিরোধে বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তর হলে অডিট বিভাগ আরও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।



















