বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ২:০১

‘কিলারকে আশ্রয় দিয়ে ভারতের দ্বিমুখী বন্ধুত্বের নিন্দা’ জানালেন ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
‘কিলারকে আশ্রয় দিয়ে ভারতের দ্বিমুখী বন্ধুত্বের নিন্দা’ জানালেন ডা. শফিকুর রহমান

‘কিলারকে আশ্রয় দিয়ে ভারতের দ্বিমুখী বন্ধুত্বের নিন্দা’ জানালেন ডা. শফিকুর রহমান

পাশের দেশ ভারতকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিজেদের বড় বন্ধু দাবি করলেও বাংলাদেশের সবচেয়ে বড় ‘কিলারকে’ তারা আশ্রয় দিয়ে ও বক্তব্য রাখার সুযোগ করে দিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। রোববার বিকালে রাজধানীর ইস্কাটনে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে জামায়াত আমির উল্লেখ করেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী দল প্রতিনিয়ত দেশে ফেরার নানা গল্প পরিবেশন করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের সমস্ত তথ্য এখন প্রকাশ্যে বেরিয়ে এসেছে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করে তিনি বলেন, দেশ থেকে বৈষম্য ও ফ্যাসিবাদ বিদায় নিলেও নতুন কোনো রূপ ধরে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধ যে-ই করুক না কেন, তাকে সমানভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

এছাড়াও, বর্তমান সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও মেধাতান্ত্রিক সমাজ গঠনের কোনো প্রতিফলন দৃশ্যমান নয় বলে ক্ষোভ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আমলের মতো এখনও অনেক সৎ, মেধাবী ও দেশপ্রেমিকদের কাজ করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। ক্ষমতার দম্ভে না ভুগে সবাইকে অতীত থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে তিনি মেধাভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের ওপর জোর দেন।

উক্ত অনুষ্ঠানে চিকিৎসা, স্বাস্থ্য সাংবাদিকতা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি