কানাডা ভিসা বাতিলের ক্ষমতা চায় ভারত ও বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের ওপর
কানাডা সরকার ভারতীয় ও বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে জালিয়াতি রোধের উদ্দেশ্যে গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইছে। সিবিসি প্রতিবেদনে গোপন অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে বলা হয়েছে, বিষয়টি সম্প্রতি কানাডার অভিবাসন মন্ত্রণালয়ে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করা হয়েছে।
প্রেজেন্টেশনে আইআরসিসি (ইমিগ্রেশন, রেফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা), সিবিএসএ (কানাডা বোর্ডার সার্ভিসেস এজেন্সি) এবং একাধিক মার্কিন সংস্থা এই উদ্যোগে অংশ নিচ্ছে। এই দাপ্তরিক জোটের প্রধান লক্ষ্য হবে—ভিসার আবেদনকারীদের মধ্যে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে, তাদের শনাক্ত করা এবং আবেদন বাতিল করা।
নথিতে বিশেষভাবে বাংলাদেশ ও ভারতের আবেদনকারীদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের নথিতে এই দুই দেশকে ‘কান্ট্রি-স্পেসিফিক চ্যালেঞ্জেস’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কানাডার সংবিধান অনুসারে যুদ্ধ, মহামারি বা বৈশ্বিক জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গণহারে ভিসা বাতিলের ক্ষমতা রাখে। প্রস্তাবিত বিলের মাধ্যমে এই ক্ষমতা ‘কান্ট্রি-স্পেসিফিক চ্যালেঞ্জেস’ দেশের জন্যও প্রযোজ্য করা হবে।
কানাডার পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্টেশন পাঠানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে, এটি শিগ্রই পাস হবে। তবে স্থানীয় সিভিল সোসাইটি সংস্থা, যেমন মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্ক, উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে, বিল পাস হলে এটি একটি ‘গণ-ফেরত পাঠানোর মেশিন’-এর মতো কার্যকর হবে।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশ থেকে কানাডায় আশ্রয়প্রার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৩ সালের মে মাসে ভারত থেকে ৫০০ জন নাগরিক, এবং ২০২৪ সালের জুলাইয়ে সংখ্যা ২ হাজারে পৌঁছেছে।
সূত্র: সিবিসি

















