কানাডায় পাঞ্জাবি গায়ক তেজি কাহলনের ওপর গ্যাংস্টারের গুলি হামলা
কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডবের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। জানা গেছে, হামলায় তার পেটে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত থাকার দায় স্বীকার করেছে গ্যাংস্টার রোহিত গোদারা ও তার সহযোগীরা। তারা সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করেছে, তেজিকে সতর্ক করতে তারা হামলা চালিয়েছে। পোস্টে লেখা ছিল, ‘আমরা কানাডায় তেজি কাহলনের ওপর গুলি চালিয়েছি। তার পেটে গুলি লেগেছে। যদি সে বুঝে, ভালো। না বুঝলে পরের বার আমরা তাকে শেষ করব।’ হামলায় রোহিতের সহযোগী মাহেন্দ্র সরণ দিলনা, রাহুল রিনাউ ও ভিকি ফলওয়ান অংশ নিয়েছে।
তেজি কাহলন পাঞ্জাবি সংগীতজগতে পরিচিত একটি নাম। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মিঠি জেল’, ‘ঝুমার’, ‘৮ কিতিয়ান’, ‘টাইম চাক দা’ এবং ‘গিদ্দা’। তবে কেন তিনি গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
কানাডার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশে ভারতীয় গ্যাংস্টারদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। কয়েকদিন আগেই ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানো হয়েছিল। এর দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু।
ফের তেজি কাহলনের ওপর হামলার এই ঘটনা কানাডার ভারতীয় বংশোদ্ভূত এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।



















