কলকাতা ও লন্ডনে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ
ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের লন্ডনে দুটি পৃথক দুর্ঘটনায় মোট ১০ জন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহতদের স্মরণে এই শোক বার্তা পাঠান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে জানানো হয়, কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি মর্মান্তিকভাবে প্রাণ হারান এবং বেশ কয়েকজন দগ্ধ হন। অন্যদিকে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান, যেন নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।


















