কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশিসহ নিহত ৯, মমতা সরকারের গাফিলতিকে দায় করলেন শুভেন্দু
ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে এক মর্মান্তিক হোটেল অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার গভীর রাতে লাগা এই আগুনে আরও ছয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের মধ্যেও বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সাবেক মমতা ব্যানার্জি সরকারের অব্যবস্থাপনাকে সরাসরি দায়ী করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, বিগত সরকারের আমলে কোনো ধরনের সরকারি তদারকি ও বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহু বাণিজ্যিক হোটেল ও অবকাঠামো গড়ে তোলার সুযোগ দেওয়া হয়েছিল। সেই দীর্ঘদিনের গাফিলতির খেসারত দিতেই আজ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী আরও নিশ্চিত করেন যে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বর্তমানে দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং হাসপাতালে চিকিৎসাধীনদের সর্বাত্মক সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।



















