শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:২১

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

প্রতিবেদক
staffreporter
জুন ২৯, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতি মাসে টোল থেকে যে পরিমাণ টাকা আয় হয়, তার প্রায় দ্বিগুণ টাকা ব্যয় হয় এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে। জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর টেবিলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, টানেল থেকে প্রতি মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আয় হলেও বিপরীতে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, লাইটিং, বায়ু চলাচল, অগ্নি-নিরাপত্তা ও সিসিটিভি নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই মূলত আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। তবে কৃচ্ছ্রসাধন নীতির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের দৈনিক ৩৭ লাখ টাকার ব্যয় বর্তমানে ২২-২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং টানেলটিকে লাভজনক করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

সংসদের একই অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যানজট নিরসনের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০.৫ কিলোমিটার করিডোরে দেশের প্রথম বিআরটি দ্রুত চালু করার পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে সরাতে কড়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব মোটরযানের ফিটনেসের মেয়াদ ১০ বছর আগে শেষ হয়েছে সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে। আর ৫ বছর আগে মেয়াদ শেষ হওয়া যানবাহনগুলোর তালিকা তৈরি করে পুলিশে পাঠানো এবং মালিকদের চিঠি দেওয়ার কাজ চলছে। এছাড়া মহাসড়কে বেপরোয়া গতি ও বিশৃঙ্খলা রোধে প্রতিটি গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চালাতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চুক্তি সই হবে। এই সেতুর জন্য বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ অথবা গাইবান্ধার বালাসী থেকে দেওয়ানগঞ্জসহ তিনটি রুট বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, ব্যাটারিচালিত অটোরিকশাকে মহাসড়কের পরিবর্তে কেবল স্থানীয় ফিডার রোডে চলাচলের মধ্যে সীমাবদ্ধ রাখতে এগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা, চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা এবং কঠোর রুট নিয়ন্ত্রণ-সম্বলিত একটি থ্রি-হুইলার নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

অধিবেশনের শেষ অংশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ঢাকা মহানগরের অভ্যন্তরে রেললাইনের নিরাপত্তা বাড়াতে বুয়েটের সহায়তায় তিনটি পৃথক লেভেলক্রসিং গেটে পরীক্ষামূলকভাবে অটোমেটিক ব্যারিয়ার স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই পরীক্ষার সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে দেশের গুরুত্বপূর্ণ অনুমোদিত সব এলসি গেটে এই ব্যবস্থা চালু করা হবে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ লেভেলক্রসিং গেটগুলোতে উন্নত সিসি ক্যামেরা ও স্মার্ট গেট সিস্টেম স্থাপনের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত