কঠিন চ্যালেঞ্জ ও বাজার মন্দার মুখে বিশ্বের শীর্ষ স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি
বৈশ্বিক স্পোর্টসওয়্যারের বাজারে দীর্ঘদিন একক আধিপত্য ধরে রাখা মার্কিন ব্র্যান্ড ‘নাইকি’ বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছে। ধারাবাহিক রাজস্ব ঘাটতি, গ্রাহক হারানো এবং নতুন প্রতিযোগী ব্র্যান্ডগুলোর উত্থানের ফলে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে কঠিন লড়াই করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বাজারমূল্য আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্লু-চিপ প্রতিষ্ঠানগুলোর তালিকা ‘এসঅ্যান্ডপি ১০০’ ইনডেক্স থেকেও বাদ পড়েছে নাইকি। প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে দুই বছর আগে অবসর ভেঙে ফিরিয়ে আনা সিইও এলিয়ট হিলের নেতৃত্বে কৌশলগত পরিকল্পনা চালু হলেও এর ইতিবাচক প্রভাব পড়তে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নাইকির ব্র্যান্ড ভাবমূর্তিতে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে তারকা খেলোয়াড়দের দলবদলে। পিএসজি ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে নাইকির সাথে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ভেঙে সুইজারল্যান্ডের উদীয়মান ব্র্যান্ড ‘অন’-এ যোগ দিয়েছেন। এর আগে স্প্যানিশ তরুণ ফুটবলার লামিনে ইয়ামালও নাইকি ছেড়ে অ্যাডিডাসের সাথে চুক্তি করেন। পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও বড় ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি; চীনের বাজারে তাদের রাজস্ব কমেছে ২৬ শতাংশ এবং তাদের ফ্ল্যাগশিপ ‘জর্ডান’ ব্র্যান্ডের অতিরিক্ত সরবরাহের কারণে বিক্রি কমে যাওয়ায় এখন এর উৎপাদন সীমিত করতে হচ্ছে। নতুন অর্থবছরে আয় হ্রাসের আশঙ্কার পাশাপাশি আগামী ২০৩১ সালের মধ্যে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত মিলতেই শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির দর ৮ শতাংশেরও বেশি কমে গেছে।
স্পোর্টস রিটার্ল ইন্ডাস্ট্রির বিশ্লেষকদের মতে, নাইকির এই বিপদে পড়ার পেছনে তাদের বেশ কিছু ভুল সিদ্ধান্ত দায়ী। বিশেষ করে লিমিটেড এডিশন জুতার সরবরাহ অতিরিক্ত বাড়িয়ে দেওয়া, বিশ্বস্ত রিটেইল বিক্রেতাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে কেবল নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে জোর দেওয়া এবং পণ্য উদ্ভাবনে বাজেট কমিয়ে কেবল ডিজিটাল মার্কেটিংয়ে খরচ করাই নাইকিকে পিছিয়ে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ভুল কৌশল শুধরে নেওয়া শুরু করেছে এবং নতুন প্রচারণার মাধ্যমে শিগগিরই বাজারে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, যদিও আগের মতো একক আধিপত্য বজায় রাখা তাদের জন্য বেশ কঠিন হতে পারে।


















