কক্সবাজারে জমকালো আয়োজনে সম্পন্ন হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬
স্বতঃস্ফূর্ততা, জাঁকজমক ও পারস্পরিক বন্ধনের আবহে কক্সবাজারে অনুষ্ঠিত হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬-এর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। দেশজুড়ে বিস্তৃত ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে এই মিলনমেলা প্রতিষ্ঠান ও পার্টনারদের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
সম্মেলনের প্রথম দিনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলার ও ব্যবসায়ীরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের ডিরেক্টর মনিকা ইসলাম। দ্বিতীয় দিনে দেশের সেরা ১৩ জন পার্টনারকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়। শীর্ষ পাঁচ পার্টনার হিসেবে নির্বাচিত হন মা ইলেক্ট্রনিক্স, বগুড়া; স্বপন ইলেক্ট্রনিক্স, নাটোর; রনি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, চাঁপাইনবাবগঞ্জ; সিমি ইলেক্ট্রনিক্স, শরীয়তপুর; এবং নাহার ইলেক্ট্রনিক্স, মানিকগঞ্জ।
অনুষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, এটি শুধু একটি ইভেন্ট নয়, বরং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি সেতুবন্ধন। সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরে জানান, সেলস স্ট্রাকচার, ডিলার সাপোর্ট ও ইনসেনটিভ নীতিতে উল্লেখযোগ্য উন্নয়ন আনা হবে, যাতে পার্টনাররা আরও প্রবৃদ্ধি অর্জন করতে পারেন।
হেড অব সেলস মো. মাকসুদুর রহমান অপারেশনাল ও সেলস গ্যাপ চিহ্নিত করে তা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং স্টক ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ও স্থানীয় বাজার বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। হেড অব অপারেশন ইব্রাহিম হোসেন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও গ্রাহকবান্ধব ফিচারের দিক থেকে যমুনা পণ্যের শক্ত অবস্থান তুলে ধরেন। সমাপনী বক্তব্যে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনার প্রতিটি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্টনারদের প্রফিটেবিলিটি, আর সঠিক পণ্য, কার্যকর সাপোর্ট ও দীর্ঘমেয়াদি কৌশলের মাধ্যমে প্রতিটি পার্টনারের ব্যবসাকে আরও লাভজনক করে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।


















