ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপিকে সম্মাননা, ভালোবাসায় সিক্ত প্রবাসীরা
ওমানজুড়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি সম্মাননা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানী মাস্কাটের ক্লাব কনফারেন্স হলে ক্লাবের আঞ্চলিক উইংগুলোর আয়োজনে অনুষ্ঠিত আনন্দঘন এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। বৃহত্তর নোয়াখালী উইংয়ের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সিআইপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। এ সময় ক্লাবের কার্যকরী কমিটি ও বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, উত্তরবঙ্গ, নারী ও প্রকৌশলী এবং প্রস্তাবিত সিলেট উইংসের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজুল হক সিআইপি দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে সোশ্যাল ক্লাব ওমান নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এখন এটি বাংলাদেশিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
সিরাজুল হক সিআইপি বলেন, প্রবাসীদের এই ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি প্রতিশ্রুতি দেন, এই ঐক্য ও ভালোবাসাকে আরও দৃঢ় করতে তিনি কাজ করে যাবেন। এছাড়া তিনি দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ কমিউনিটির সুনাম ও কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল কাদেরীর পরিচালনায় দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



















