ওপেনএআইয়ে গোপনে শব্দ রেকর্ড করায় সাবেক প্রকৌশলী গ্রেপ্তার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে শব্দ রেকর্ড করার যন্ত্র বসানোর অভিযোগে আবদুল রহমান আলফোজান নামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। সৌদি আরবের নাগরিক ওই প্রকৌশলী ওপেনএআইয়ে কর্মরত ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে ৩৫ বছর বয়সী এই প্রকৌশলীর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, সান ফ্রান্সিসকোয় প্রতিষ্ঠানের একটি নির্বাহী সম্মেলনকক্ষে টিস্যু পেপারের ভেতর লুকিয়ে রাখা একটি রেকর্ডার পাওয়া যায়, যা একটি টেলিভিশনের ইউএসবি পোর্টে লাগানো ছিল। তদন্তের সময় আলফোজানের ব্যাগে একই ধরনের আরেকটি যন্ত্র উদ্ধার করা হয়। ওপেনএআই নিজেদের তৈরি এআই মডেল ব্যবহার করেই শনাক্ত করে যে আলফোজানই এটি বসিয়েছেন এবং তিনি কার্যালয়ের গুরুত্বপূর্ণ আলোচনার তথ্য গোপনে রেকর্ড করার চেষ্টা করছিলেন।
তবে প্রতিষ্ঠানের সোর্স কোড বা গ্রাহকদের তথ্য অননুমোদিতভাবে সরিয়ে নেওয়া বা ব্যবহারের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে ওপেনএআই। ঘটনাটি সামনে আসার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং বিষয়টি এফবিআইকে জানানো হয়। আলফোজান আগে মেটা ও মাইক্রোসফটে কাজ করেছেন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়াশোনা করেছেন।
উন্নত এআই প্রযুক্তি ও গবেষণার তথ্য অর্থনৈতিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সাম্প্রতিক এই ঘটনা পুরো এআই খাতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



















