শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১১:২৩

এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৬, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ মে পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সামরিক বাহিনীর সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়। এই পটভূমিতে মোদির চীন সফরকে সম্পর্ক স্বাভাবিক করার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৯ সালে চীন সফর করেছিলেন। তবে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কেও চাপ বিরাজ করছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে। এর মধ্যে মোদির এই চীন সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

কাশ্মিরের পেহেলগাম হামলা ঘিরে ইসলামাবাদের প্রতি চীনের সমর্থনের প্রেক্ষাপটেও মোদির এই সফর গুরুত্বপূর্ণ। যদিও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

পেহেলগাম হামলায় জড়িত লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠনকে যুক্তরাষ্ট্র সম্প্রতি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এরপর চীনও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে।

চলতি সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্র সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্য নিয়ে আলোচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসঙ্গে, ভারত-চীন সম্পর্ক পুনর্গঠনের দিকেও নজর থাকবে। সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিওর মূল লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমানে এই জোটের সদস্য দেশগুলো হলো: বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি