এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির
ভোক্তাপর্যায়ে টানা পঞ্চমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে ‘জনস্বার্থবিরোধী’ উল্লেখ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারে জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রান্নার এই অপরিহার্য উপাদানের দাম বারবার বাড়ানো সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। গত আট মাসে পাঁচ দফায় দাম বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জনগণের স্বার্থ উপেক্ষা করছে বলে অভিযোগ তোলেন তারা।
পাইপলাইনের গ্যাসের সংকটের কারণে কোটি কোটি পরিবার এলপিজির ওপর নির্ভরশীল উল্লেখ করে নেতৃবৃন্দ অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সাথে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাজার মনিটরিং জোরদার করে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।


















