এনসিপির প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং বইয়ের প্রকাশক আদর্শের স্বত্বাধিকারী মাহবুব রাহমান উপস্থিত ছিলেন।
বইটির লেখক মাহাবুব আলম জানিয়েছেন, বইটিতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রথমদিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে। একই সঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।
মাহাবুব আলম বলেন, এই বই তিন শ্রেণির পাঠকের জন্য উপযোগী হতে পারে। প্রথমত, সাধারণ পাঠকরা যারা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী। দ্বিতীয়ত, এনসিপির নেতাকর্মীরা যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন এবং তা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হতে পারে। তৃতীয়ত, গবেষক ও শিক্ষাবিদরা যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে অ্যাকাডেমিক অনুসন্ধান চালাতে আগ্রহী গবেষকদের জন্য এই বই একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।



















