এনটিএমসির নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এনটিএমসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এনটিএমসি দেশের টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট কার্যক্রম মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থা, যা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।



















