এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬১৯ জন, নতুন মৃত্যু ১
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।
















