মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:১৯

একই দিনে জন্ম নিলেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
একই দিনে জন্ম নিলেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা

একই দিনে জন্ম নিলেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা

দেশের সংস্কৃতি অঙ্গনের নন্দিত ও কিংবদন্তি ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারের আজ জন্মদিন। তবে দিনটি কেবল এই একটি কারণে বিশেষ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চমৎকার এক কাকতালীয় অনুষঙ্গ। আজকের এই একই দিনে জন্ম নিয়েছেন আরেক গুণী অভিনেত্রী ত্রপা মজুমদার, যিনি ফেরদৌসী মজুমদারেরই একমাত্র কন্যা। অর্থাৎ, আজ একই দিনে একই পরিবারে উদযাপিত হচ্ছে মা ও মেয়ের জন্মদিন।

১৯৪৩ সালের আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারজয়ী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। রক্ষণশীল ও বিশাল এক যৌথ পরিবারে বেড়ে উঠলেও বড় ভাই শিক্ষাবিদ কবীর চৌধুরী, মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী এবং পরবর্তীতে স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে তিনি সংস্কৃতির আলোয় আসেন। মুনীর চৌধুরীর উৎসাহে মঞ্চনাটকে পা রাখার পর ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে তাঁর। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে তিনি হয়ে উঠেছেন দেশের অভিনয় জগতের এক জীবন্ত কিংবদন্তি।

অন্যদিকে ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার দম্পতির একমাত্র সন্তান ত্রপা মজুমদার ১৯৭৩ সালের আজকের দিনে জন্ম নেন। মা-বাবার দেখানো পথ ধরেই সংস্কৃতির আঙিনায় ও মঞ্চের আলোয় আসেন ত্রপা। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রেও নিজের সুনিপুণ অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। মা ও বাবার মতোই বর্তমানে মঞ্চ-অন্তঃপ্রাণ হয়ে দেশের নাট্য আন্দোলনে যুক্ত আছেন এই গুণী অভিনেত্রী।

প্রথম জীবনে জন্মদিনের বিশেষত্ব সম্পর্কে খুব একটা ধারণা ছিল না ফেরদৌসী মজুমদারের। তবে কন্যা ত্রপা মজুমদারের বয়স যখন ছয়-সাত বছর, তখন হুট করেই একদিন তিনি আবিষ্কার করেন যে তাঁদের মা-মেয়ের জন্মদিন আসলে একই তারিখে। তখন থেকেই মূলত দিনটিকে বিশেষভাবে উদযাপন করে এই পরিবার। পরবর্তীতে বিষয়টি সহকর্মী ও কাছের মানুষেরা জানার পর থেকে প্রতি বছর এই দিনটি এলে সংস্কৃতি অঙ্গনের অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এই গুণী মা-মেয়ে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি