এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী
সারাদেশে সিসিটিভি ক্যামেরার বিশেষ নজরদারিতে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রথম দিনে সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা প্রথমপত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতির হার দেখা গেছে মাদ্রাসা বোর্ডে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ২৩৩ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ড থেকে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও কোনো শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এ বছর দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গতবারের চেয়ে ২২ হাজার ৭৬৬ জন বেশি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি নজরদারিতে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।



















