এআই খাতের সাফল্যে মার্কিন নাগরিকদের অংশীদার করার পরিকল্পনা ট্রাম্পের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এ নিয়ে ওপেনএআইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য মালিকানা অংশীদারত্বের আলোচনা চলছে। ওপেনএআইয়ে সরকারের সম্ভাব্য শেয়ার থেকে একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ বা জাতীয় সম্পদ তহবিল গঠন করা হতে পারে, যার আয় সরাসরি নাগরিকদের মধ্যে বিতরণের প্রস্তাবও রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে এমন কিছু ধারণা নিয়ে আলোচনা হচ্ছে যাতে মার্কিন জনগণও এসব প্রতিষ্ঠানের অংশীদার হতে পারে। এর মাধ্যমে মূলত এআই প্রযুক্তির অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৫ সালের শুরু থেকেই বড় এআই প্রতিষ্ঠানে সরকারি মালিকানা অংশীদারত্বের এই ধারণা নিয়ে আলোচনা করে আসছেন।
এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও এআই কোম্পানিগুলোর ওপর বিশেষ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, ওপেনএআই, অ্যানথ্রপিক ও এক্সএআইয়ের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো শেয়ারের মাধ্যমে ৫০ শতাংশ এককালীন কর পরিশোধ করবে। এর ফলে সাধারণ জনগণ এআই প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে বলে তিনি মনে করেন।
তবে সরকারের এই নতুন ধারণার বেশ সমালোচনাও রয়েছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেভিড স্যাকস সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করতে পারে। তবে বিশ্লেষকদের মতে, এআই শিল্প দ্রুত সম্প্রসারিত হওয়ায় প্রযুক্তি কোম্পানিগুলোর মালিকানা, নিয়ন্ত্রণ ও জনস্বার্থের প্রশ্নটি এখন নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।


















