উৎসবমুখর আয়োজনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ কমিটির অভিষেক
সাংবাদিক, গুণীজন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে গত রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ছিল সেমিনার, শিক্ষাবৃত্তি প্রদান, অ্যাওয়ার্ড বিতরণ, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী সভাপতি ও জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং গ্রুপ ছবির মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করেন। পরে বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে মূল পর্ব শুরু হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এবিসি বাংলা নিউজের সম্পাদক ও ব্রিজবাংলা২৪-এর সাব-এডিটর আব্দুল বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল হোসেন চৌধুরী এমপি।
অভিষেক অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে ‘বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআইর ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেমব্রিজের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম। অতিথিরা অনুষ্ঠানে প্রকাশিত অভিষেক ম্যাগাজিন ‘অভিযাত্রা’র মোড়ক উন্মোচন করেন।
এ ছাড়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৬-এর আওতায় বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক পরিবারের সন্তানদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বৃত্তি বিতরণ করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। ‘বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি ও ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার বেলাল আহমদ বকুল এবং ‘বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড’ পান সংগঠনের সদস্য ও সিলেট মিররের যুক্তরাজ্য প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান।
অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাবেক স্পিকার আহবাব হোসেন ও খালিছ উদ্দিন আহমদ, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। দীর্ঘ আয়োজনে সাংবাদিক, কাউন্সিলর, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড ও বৃত্তি বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















