উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: ১ জন নিহত, ২৬ জন দগ্ধ, তারকাদের শোক প্রকাশ
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষসহ বাংলাদেশের বিনোদন জগতের অনেক তারকা। চিত্রনায়িকা তমা মির্জা আহ্বান জানিয়েছেন উদ্ধার কাজে যেন ভিড় বাধা না হয়ে দাঁড়ায়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে সকলের জন্য দোয়া করেছেন। ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব আশপাশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার অনুরোধ করেছেন।
সংগীতশিল্পী কনা, পড়শী, সালমান মুক্তাদির, মনোয়ার হোসেন ডিপজলসহ আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ, বেদনা এবং সহমর্মিতা প্রকাশ করেছেন।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুলে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল।
এ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতির ওপর কর্তৃপক্ষের কড়া নজর রয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।



















