উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, দগ্ধ ৭৮ জন হাসপাতালে
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রশাসনিক ব্লকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. সাইদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন। এ হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আইসিইউতে রয়েছেন ৫ জন। কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন ২৮ জন, যাদের মধ্যে ১৫টি মরদেহ রাখা হয়েছে এবং ৮ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ এতটাই বিকৃত অবস্থায় পাওয়া গেছে যে চিকিৎসকরা সেটিকে ‘দেহাবশেষ’ হিসেবে উল্লেখ করেছেন। সেখানে পাইলটের মরদেহ এখনও হস্তান্তর হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ৪ জনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন। ইউনাইটেড হাসপাতালে পাঠানো একজনকেও মৃত ঘোষণা করা হয়েছে।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে—জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ১০ জন, সিএমএইচ থেকে ৮ জন এবং ঢাকা মেডিকেল ও ইউনাইটেড হাসপাতাল থেকে একজন করে।
ডা. সাইদুর রহমান বলেন, ‘‘রক্তদাতার অভাব নেই, তবে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা দিতে পারে। তাই যারা নেগেটিভ গ্রুপের রক্তদাতা, তাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি।’’
তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত খারাপ সময় পার করছি। এই সংকট কাটিয়ে উঠতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা দরকার।” বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত ও সহায়তা দিতে হাসপাতালে ছুটে আসছেন।



















