উচ্চমূল্যে স্থবির রাজধানীর বাজার নিত্যপণ্যের দামে দিশেহারা ক্রেতারা
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে এখনো স্বস্তি ফিরেনি। আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চরম চাপে রয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও কাঁচাবাজার, মাছ ও মুরগির বাজার—সবখানেই বাড়তি দাম ধরে রাখার একই চিত্র দেখা গেছে। বাজার করতে আসা সাধারণ মানুষের মতে, এখন আর হিসাব করে বাজেট চালানো সম্ভব হচ্ছে না।
আজ শুক্রবার সকালে রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং ছাগল ও খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারেও চড়া দামের চাপ অব্যাহত রয়েছে, যেখানে আকারভেদে ইলিশ মাছ কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস মাছ ২০০ টাকা, রুই ২৫০-৩৫০ টাকা, কাতলা ২৫০-৩৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা এবং চিংড়ি ও শিং মাছ ৪৫০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মাছের মধ্যে কাঁচকি ৩০০ টাকা ও মলা মাছ ২৮০ টাকায় এবং সামুদ্রিক রুপচাঁদা ও কোরাল ৫০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজারেও স্বস্তি নেই, প্রায় সব ধরনের সবজিই ৫০ থেকে ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। বর্তমানে ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা টিসিবির তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে ঢাকা মহানগরীর খুচরা বাজারে চাল, সয়াবিন তেল, আমদানি করা রসুন, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ ও কাঁচামরিচের দাম আরও বেড়েছে।



















