ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সিএনজি স্টেশন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব সিএনজি ফিলিং স্টেশন আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠির নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার আগের সাত দিন এবং ঈদের পরের পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম চালু রাখবে। এর ফলে উৎসবের সময়ে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে যানবাহনগুলোকে কোনো বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের ঈদ যাত্রা আরও সহজ ও যানজটমুক্ত করতে পোশাক কারখানাগুলোও ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


















