ইস্তাম্বুলে পাক–আফগান শান্তি সংলাপ ব্যর্থ, যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখার ঘোষণা
তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংঘর্ষ বন্ধে আলোচনায় বসলেও শনিবার এই সংলাপ ব্যর্থ হয়। আলোচনার ফলাফল না হওয়ায় দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর শঙ্কা সৃষ্টি হলেও তালেবান সরকার যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখার ঘোষণা দিয়েছে। তারা আলোচনার ব্যর্থতার দায় পাকিস্তানের ‘অসহযোগিতামূলক ও দায়িত্বহীন আচরণের’ ওপর চাপিয়েছে।
গত ১৯ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর বৃহস্পতিবার আবারও বৈঠকে মিলিত হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি প্রতিনিধিরা আলোচনার সময় নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকৃতি দেখিয়েছে এবং পুরো দায় আফগান সরকারের ওপর চাপানোর চেষ্টা করেছে। এ কারণে আলোচনায় কোনো ফলাফল আসেনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এ প্রসঙ্গে বলেন, “সংলাপ পুরোপুরি অচল অবস্থায় পৌঁছেছে এবং এর আর কোনো ভবিষ্যৎ নেই।” তবে জাবিহুল্লাহ মুজাহিদ পরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, যুদ্ধবিরতি বজায় থাকবে এবং পাকিস্তানের সঙ্গে কোনো সংঘর্ষ শুরু হবে না।
এই ব্যর্থ সংলাপের পরও সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা রয়েছে, কিন্তু দুই পক্ষই যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


















