ইসলামাবাদে হাসপাতালে এসি বিস্ফোরণে পুড়ে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালের গাইনিকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৫ জন নবজাতক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) আওতাভুক্ত ওই হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত ওয়ার্ডটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় সেখানে মোট ১৬ জন শিশু ভর্তি ছিল, যাদের মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল, সেখানকার এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ও চিকিৎসকরা পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতায় ধোঁয়া ও উত্তাপে ১৫টি শিশুর প্রাণহানি ঘটে।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর পরই কয়েকজন চিকিৎসক সেখানে ছুটে গিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে মাত্র একজন শিশুকে বের করে আনতে সক্ষম হন। কিন্তু আগুনের তীব্রতার কারণে বাকি শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ পুলিশ।



















