ইসরায়েল হিজবুল্লাহ ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জরুরি আলোচনা শুরু
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকের সূচিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘাত নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ অধিবেশন যুক্ত করার বিষয়টি আজ রোববার কূটনৈতিক সূত্রের বরাতে নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সংশ্লিষ্ট এক কূটনীতিক জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই ইস্যুটিকে আলোচনার একদম শুরুতে রাখা হয়েছে, তবে এতে ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না।
গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াই এবং ইরান পুনরায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষণা করায় উদ্ভূত উত্তেজনার কারণে আলোচনাটি বিলম্বিত হয়। ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এই আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে যে সংকট আপাতত কিছুটা নিরসন হয়েছে, কারণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।



















