ইসরায়েল সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার প্রস্তাব বিবেচনায়
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দখলদার ইসরায়েলে। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখযুদ্ধে নিহত হয়েছিলেন সিনাওয়ার এবং পরে তার মরদেহ ইসরায়েলি সেনাদের দখলে চলে যায়। সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসকে হস্তান্তর না করে পুড়িয়ে ফেলার পরামর্শ দিয়েছেন এবং নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তারা এখন সেই প্রস্তাব পর্যালোচনা করছেন। রেগেভ স্থানীয় এক অত্যন্ত গোঁড়া রেডিওতে বলেছেন, তিনি বলেছেন এমন কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয় এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন যে মার্কিনিরা ওসামা বিন লাদেনের মরদেহের সঙ্গে যেভাবে আচরণ করেছিল, তা অনুকরণ করা যেতে পারে। তিনি আরো যুক্তি দিয়েছেন, যদি মরদেহ ফেরত দিয়ে কবরস্থ করা হয় তাহলে তা মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করতে পারে—এই কারণেই তিনি কবরস্থান না ঢুকিয়ে রাখার পক্ষে মত দিয়েছেন। ২০১১ সালের অ্যাবোটাবাদের ঘটনাকে উদাহরণ হিসেবে স্মরণ করে রেগেভ বলেন, তখনও মরদেহকে সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



















