ইসরায়েল দাবি করেছে হামাস কমান্ডার রায়েদ সাদের হত্যার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে বলে শনিবার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েল সীমান্তে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সাদ।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, তা হামাস বা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি সেনারা টেলিগ্রামে পোস্টে বলেছেন, সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে এবং তিনি হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান ছিলেন।
হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। অতীতে তিনি গাজা নগরীর ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা সংগঠনটির অন্যতম বড় ও সজ্জিত ইউনিট।
গাজার সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় গাজা নগরীর পশ্চিমাঞ্চলের নাবুলসি মোড়ে একটি গাড়ি লক্ষ্য করা হয়েছিল। হতাহত বা নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
ওয়াফা আরও জানিয়েছে, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল, যা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে। এছাড়া, ইসরায়েল এখনও গাজায় প্রবেশকারী অধিকাংশ ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে, যাতে ইসরায়েলকে গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশ, জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স



















