ইসরায়েলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বরখাস্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। কাতারে হামলা ও গাজা সিটি দখলের অভিযানের মতো নীতিগত বিষয়গুলোতে মতবিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হানেগবি নিজেও বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন এবং এই ব্যর্থতার দায়িত্ব তিনি স্বীকার করছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগের মাধ্যমে হানেগবির দায়িত্বকাল শেষ হচ্ছে।
হানেগবির স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রেইখ। তিনি এখন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় চ্যানেল ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা এবং গাজা সিটি দখলের সামরিক অভিযানকে কেন্দ্র করে হানেগবির সঙ্গে নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। হানেগবি গাজা সিটি দখলের প্রস্তাবে বিরোধী ছিলেন, কারণ তিনি মনে করেন, এতে ইসরায়েলি বন্দিদের জীবন ঝুঁকিতে পড়বে।
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।


















