ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। হিজবুল্লাহর যোদ্ধারা গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে বলেও জানানো হয়।
হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে শুরু হওয়া এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে। গোষ্ঠীটি জানিয়েছে যে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।



















