ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ড্রোন স্পিডবোট মোতায়েন
ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় এই প্রযুক্তি ব্যবহার করা হলেও কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহারের ঘটনা এই প্রথম। মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি ‘গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট’ বা ‘গার্ক’-এর তৈরি এই বিধ্বংসী ড্রোন স্পিডবোটগুলো বর্তমানে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট ব্যবহার করছে।
পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, এই চালকবিহীন স্পিডবোটগুলো একই সাথে নজরদারি এবং ‘কামিকাজি’ বা আত্মঘাতী হামলায় সক্ষম। অর্থাৎ এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি নিজেকেও ধ্বংস করে দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে এই যুদ্ধাস্ত্রকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির অন্তর্ভুক্তি মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য যে, যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার দীর্ঘদিনের হলেও ড্রোন স্পিডবোটের ব্যবহার তুলনামূলক নতুন। ২০২৩ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার কৃষ্ণসাগরে ইউক্রেন এই প্রযুক্তি ব্যবহার করেছিল। বর্তমানে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম ফ্লিট পারস্য উপসাগর, লোহিত সাগর ও আরব সাগরের দায়িত্ব পালন করছে, যেখানে এই নতুন অস্ত্র মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও যুদ্ধকৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।



















