শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২১

ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৮, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ বুধবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে, ইরান ব্যাপক চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং তেলক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পুরোপুরি অকেজো করে দিতে পারতেন। কিন্তু ইরান নিজে থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ায় ট্রাম্প তাদের প্রতি ‘ক্ষমা’ প্রদর্শন করেছেন।

হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান মার্কিন শর্তগুলো প্রত্যাখ্যান করত, তবে তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতো, যা পুনর্গঠন করতে দেশটির কয়েক দশক সময় লাগত। ইরানের বর্তমান নেতৃত্ব বাস্তব পরিস্থিতি অনুধাবন করে চুক্তির পথে হাঁটাকে শ্রেয় মনে করেছে। ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের অর্থনীতি চূর্ণ করার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শান্তির স্বার্থে নমনীয়তা দেখিয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে চুক্তি করার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসে। ট্রাম্পের এই কঠোর অবস্থানের মুখে ইরানও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

এই সমঝোতা কার্যকর হওয়ার পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের ওপর তাদের নজরদারি অব্যাহত থাকবে। এই যুদ্ধবিরতি আপাতত মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত করলেও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ফিরবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি