ইরান বাইরের শক্তির হুমকি নীরবে সহ্য করবে না, সতর্ক করেছে সামরিক প্রধান
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়েছেন যে বাইরের শক্তির হুমকি তেহরান নীরবে সহ্য করবে না। জেনারেল আমির হাতামি বলেছেন যে ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামি প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না ও এর কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের সেনাবাহিনীর প্রধান আরও সতর্ক করে বলেছেন যে শত্রুপক্ষ যদি ভুল করে তাহলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে। ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীরা নিহত হলে তিনি ইরানে হস্তক্ষেপ করতে পারেন বলেও সতর্ক করেছেন।
গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা আকাশচুম্বী মূল্যস্ফীতি এবং রিয়ালের দরপতনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন যা দ্রুত দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে এ বিক্ষোভ ২০২২-২০২৩ সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইরানি জনগণের লড়াই ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি সংহতি প্রকাশ করেছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও নেতানিয়াহুকে সহিংসতায় উসকানি এবং ইরানের জাতীয় ঐক্য ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ করেছে।



















