ইরান পাকিস্তানের ভূয়সী প্রশংসা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সংকল্প
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার মধ্যেই মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান এমন এক বন্ধু, যে সব সময় পাশে থাকে।
কলিবাফ পাকিস্তানে সরকারি সফরের সময় দেশের জাতীয় সংসদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের এই সফরের মূল লক্ষ্য ছিল ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় সহযোগিতা বৃদ্ধি করা। এটি দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক এর সঙ্গে সাক্ষাতে কলিবাফ সন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সমর্থন দুই জাতির গভীর বন্ধুত্বের প্রতিফলন এবং সংসদীয় সহযোগিতা আরও বাড়ানো জরুরি।
কলিবাফ আরও উল্লেখ করেন, ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা ছিল দখলদার ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তাদের সবচেয়ে বড় আঘাত। তিনি বলেন, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে এবং ইরান ও পাকিস্তানকে ইসরায়েলি আগ্রাসন ও তার মিত্রদের মোকাবিলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে। তেহরান ও ইসলামাবাদ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতা করতে পারে। এছাড়া এই সফরের একটি লক্ষ্য হলো দুই দেশের বাণিজ্যিক লেনদেন ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা।
আয়াজ সাদিক ইরানি জাতির বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের দুই দেশের অভিন্ন শত্রু, এবং তিনি উল্লেখ করেন, পাকিস্তানের পার্লামেন্টে ইরানের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দায় একটি প্রস্তাব পাস হয়েছে।
সফরের অংশ হিসেবে কলিবাফ পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইয়্যেদ ইউসুফ রাজা গিলানির সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সংসদীয় সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন।

















