ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না: মাসুদ পেজেশকিয়ান
ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ চুক্তি ফের কার্যকর করার তাগিদ দিয়েছেন তিনি। রোববার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এই অবস্থান থেকে দেশকে রক্ষার স্বার্থেই ইরানকে একদিন বেরিয়ে আসতে হবে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পেজেশকিয়ানের মধ্যে ৬০ দিন মেয়াদের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। স্থায়ী শান্তিচুক্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৈরি এই চুক্তি থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্র শর্ত ভঙ্গ করেছে—এমন অভিযোগ তুলে বেরিয়ে যায় ইরান। জানা যায়, দেশটির কট্টরপন্থি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সিদ্ধান্তের কারণেই চুক্তিটি বাস্তবায়িত হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বিষয়ে কট্টরপন্থিদের অনড় অবস্থানের সমালোচনা করে উদারপন্থি নেতা পেজেশকিয়ান জানান, জনগণের পাশে থেকে তাঁদের আস্থা অর্জন করতে না পারলে পরাজয় অবশ্যম্ভাবী, এমনকি দেশ সামরিকভাবে যত শক্তিশালীই হোক না কেন। ইসলামাবাদ সমঝোতা চুক্তিকেই বিদ্যমান সংকট সমাধানের সবচেয়ে যৌক্তিক ও সম্মানজনক পথ বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে পেজেশকিয়ানের পাশে উপস্থিত থেকে তাঁকে সমর্থন জানান ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি আয়াতুল্লাহ সায়ীদ হাসান খোমেনি। প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে তিনি মন্তব্য করেন যে, মাঝে মাঝে একটি বিচক্ষণ সমঝোতা শত শত যুদ্ধের চেয়েও অনেক বেশি ফলপ্রসূ হতে পারে।



















