শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৪৫

ইরান ও যুক্তরাষ্ট্রের সংলাপে পরোক্ষভাবে যুক্ত হচ্ছেন ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো

ইরান ও যুক্তরাষ্ট্রের সংলাপে পরোক্ষভাবে যুক্ত হচ্ছেন ট্রাম্প

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে চলমান সংলাপে পরোক্ষভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান যে, আলোচনা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তিনি শিগগিরই এই প্রক্রিয়ায় যুক্ত হবেন। ওমানের রাজধানী মাস্কাটে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আলোচনার প্রথম রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে এবং পরবর্তী ধাপের বৈঠকের জন্য সুইজারল্যান্ডের জেনেভাকে নির্ধারণ করা হয়েছে।

আলোচনা শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কিছু যুদ্ধজাহাজ ও রণতরী মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তিনি নতুন করে কোনো সামরিক সংঘাতে জড়াতে ইচ্ছুক নন। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমানের মতো সক্ষমতা থাকলেও যুদ্ধের চেয়ে সমঝোতা চুক্তিতে পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য। ট্রাম্পের ধারণা, ইরানও বর্তমান পরিস্থিতিতে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান চায়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে ২০২৫ সালে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের একটি সংঘাতের পর এই কূটনৈতিক উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান আলোচনার প্রধান বিষয়বস্তু হলো ইরানের কাছে থাকা ৬০ শতাংশ বিশুদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়াম। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এই বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলে তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, ইরান একটি সম্মানজনক সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের হুমকির সামনে নতিস্বীকার করে ইরান কোনো আলোচনায় অংশ নেবে না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত