ইরানে সামরিক অভিযান দীর্ঘায়িত হতে পারে, ট্রাম্প সময়সীমা নির্ধারণ করেননি
ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যত সময় লাগুক না কেন ইরানে তিনি তার লক্ষ্য পূরণ করতে চান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি।
তিনি এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং ইরানে তিনি শুধু তাদের লক্ষ্য পূরণ করতে চান।
ট্রাম্প বলেন, তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং চতুর্থ লক্ষ্য হলো তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না। ইরানে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কোনো হামলা হতে পারে কি না এবং এ ব্যাপারে সাধারণ মার্কিনীদের উদ্বিগ্ন হওয়া উচিত কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত তবে তিনি এও মনে করেন যে মার্কিনিরা সবসময়েই এই উদ্বেগের মধ্যে থাকে।
এ যুদ্ধে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। তিনি বলেন, যখন যুদ্ধে যাওয়া হয় তখন কিছু মানুষ নিহত হবেই।



















