ইরানে বিক্ষোভকারীদের জন্য ইসরায়েলের স্টারলিংক রিসিভার পাচারের পরিকল্পনা ফাঁস
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপন উপায়ে স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল বলে ফাঁস করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তবে বেনেট অভিযোগ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অযোগ্য সরকার এই পরিকল্পনাটি পুরোপুরি সফল করতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে আন্দোলনের সময় ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সচল রাখার মাধ্যমে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় তৈরি করতে প্রায় দশ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের প্রক্রিয়া শুরু করেছিল ইসরায়েল। যার চূড়ান্ত উদ্দেশ্য ছিল ইরানি সরকারের পতন ঘটানো। ইলন মাস্কের মালিকানাধীন স্পেস-এক্সের তৈরি স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে, যা ইরানে সম্পূর্ণ নিষিদ্ধ।
ইরান এর আগেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে অবৈধভাবে প্রযুক্তি ডিভাইস পাচারের অভিযোগ তুলেছিল। রয়টার্স জানিয়েছে, ইরানে বিভিন্ন আন্দোলনের সময়ে বারবার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক যুদ্ধকালীন ব্ল্যাকআউটের সময় অনেক ইরানি নাগরিক বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন। নাফতালি বেনেটের এই বিস্ফোরক অভিযোগের পর নেতানিয়াহুর কার্যালয় কিংবা স্পেস-এক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















