ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলায় হতাহত এবং কেশম দ্বীপে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরে সংঘটিত এই হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানান, নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং বর্তমানে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা আহতদের দেখভাল করছেন।
এই হামলার পাশাপাশি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং কৌশলগত হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ প্রথম এই বিস্ফোরণের খবর জানায়। পরবর্তীতে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির নিশ্চিত করেন যে, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র দ্বীপটিতে আঘাত হেনেছে। তবে এই হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে এখন পর্যন্ত কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
গত রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো ব্যাপক ও ধারাবাহিক হামলার সূত্র ধরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।


















