ইরানের খুজেস্তান প্রদেশের আটটি শহরে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে গত রাতে ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক ঘণ্টায় প্রদেশটির অন্তত আটটি শহরে ধাপে ধাপে এই হামলা চালানো হয়। খুজেস্তানের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে এই হামলাগুলো চালানো হয় এবং কর্মকর্তারা বর্তমানে প্রতিটি এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। তবে আহভাজ বিমানবন্দরে সরাসরি হামলার খবর অস্বীকার করে প্রশাসন জানিয়েছে, শহরের কাছে বিমানবন্দরের উপকণ্ঠে দুটি পৃথক হামলা হয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধ এবং এর জেরে জ্বালানির আকাশচুম্বী দামের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ তৈরি হয়েছে, যা দুই দেশের সংঘাতকে আরও উস্কে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে তাদের এই অবরোধ ও অবস্থান অব্যাহত থাকবে।



















