ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্তে ফ্রান্সে পাল্টা প্রতিক্রিয়া
তেহরানে নিজ দেশের কূটনীতিকদের ওপর হামলার জবাবে ফ্রান্সে নিযুক্ত দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করে জানান যে, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৯ জুলাই, যখন তেহরানে সাংস্কৃতিক প্রকল্পের আওতায় স্থানীয় দুই শিল্পী আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে বৈঠককালে ফরাসি দুই কূটনীতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানি আইনশৃঙ্খলা বাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগের আড়ালে ওই কূটনীতিকরা অভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করছিলেন। পরে তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হলেও সম্প্রতি তাদের তেহরানে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে এবং কূটনীতিতে নজিরবিহীন কলঙ্কজনক হামলা আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে। তারই ধারাবাহিকতায় এই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল প্যারিস। তবে ওই ঘটনায় অভিযুক্ত ইরানি দুই শিল্পীর বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য জানা যায়নি।



















