ইরাকে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত
ইরাকের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) আল আরাবিয়া ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আগুন কোথায় লেগেছে তা এখনো স্পষ্টভাবে জানানো না হলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে, পূর্ব ইরাকের আল-কুট শহরের একটি হাইপারমার্কেটেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচতলা ভবনের বড় অংশ দাউদাউ করে জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গভর্নরের বরাতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইরাকে আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। অতীতের ঘটনাগুলোর জন্য অব্যবস্থাপনা, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণত্রুটিকে দায়ী করা হয়েছিল। এবারও দেশের জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



















