ইমরান নাজিরকে শোকজ করল জাতীয় ছাত্রশক্তি
ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজিরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে তাকে এ নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোরাম নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ইমরান নাজির। ওই পোস্টের পর সন্ধ্যা ৭টায় জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণের মাধ্যমে গঠনতন্ত্রের ধারা ৬.৫ অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। এ কারণে গঠনতন্ত্রের ধারা ৬.৬.১ অনুসারে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শোকজ নোটিশ পাওয়ার পর ইমরান নাজির ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, জাতীয় ছাত্রশক্তি গঠনের পর থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সংগঠনটি গণতান্ত্রিক ছাত্রসংসদের মতো ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন বন্দোবস্তের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের আস্থাভাজন একটি সংগঠন গড়ার লক্ষ্য থাকলেও বাস্তবে ছাত্রশক্তি শুরু হয়েছে ঢাকাকেন্দ্রিক কোরাম ও ভাই-ব্রাদার সংস্কৃতির মধ্য দিয়ে। তিনি অভিযোগ করেন, সংগঠনের নেতৃত্বে ঢাকার বাইরের শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হয় না এবং সমালোচনাকারীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়।
এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির অভ্যন্তরে শৃঙ্খলা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



















