ইন্দোনেশিয়া ফিলিস্তিনে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাতে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। এমনটি জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো, জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে।
প্রেসিডেন্ট প্রাবোয়ো বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই।”
তিনি আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি বলেন, “ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং তার স্বাধীনতাকে মেনে নেয়, তাহলে ইন্দোনেশিয়া সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং তার নিরাপত্তা সমর্থন করবে।”
প্রাবোয়ো আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে গাজায় চলমান মানবিক বিপর্যয় প্রতিহত করার আহ্বান জানান।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ধারা আরও গতিশীল হয়েছে। এর একদিন আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কঠোর বিরোধিতা করেছে। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা ও লুক্সেমবার্গসহ একাধিক ইউরোপীয় দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে, যা ইসরায়েলের দীর্ঘদীর্ঘ দশকের দখলদারিত্বের অবসান ঘটাতে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



















