ইউরোপে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে, বাংলাদেশের নাগরিকদের আবেদন শীর্ষে
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রথমবার আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে। তবে প্রথমবারের জন্য আশ্রয় আবেদনকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিকরা শীর্ষে রয়েছেন।
ইইউর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মে মাসে প্রথমবার আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল মোট ৫৪,৮০০ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। এর আগে এপ্রিল মাসে মোট আবেদন ছিল ৪৮,৯৩৫টি, যা মে মাসের তুলনায় ১২ শতাংশ কম।
প্রাথমিক আবেদনের তালিকায় বাংলাদেশের নাগরিকদের সংখ্যা তিন হাজার ৯৫ জন, যা তাদেরকে তৃতীয় স্থানে রেখেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা (৮,০৮৫ জন) এবং আফগানিস্তান (৪,৫৭৫ জন)। চতুর্থ স্থানে রয়েছে সিরিয়া (২,৯৩৫ জন)।
ফলো-আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রাথমিক অনুমোদনের পর দ্বিতীয় ধাপে করা আবেদন, চলতি বছরের মে মাসে মোট ৭,৫৮৫টি হয়েছে। এটি আগের মাসের তুলনায় ৪ শতাংশ ও গত বছরের মে মাসের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালের অক্টোবরের ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের রায়ের কারণে কিছু বিশেষ গোষ্ঠীর, যেমন আফগান নারীদের, ফলো-আপ আবেদন বৃদ্ধি পেয়েছে।
জার্মানিতে প্রথমবারের আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে মোট ৬১,৩৩৬টি আবেদন জমা পড়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক কম। জার্মান শহর কর্তৃপক্ষ আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে আসাকে ইতিবাচক দিক হিসেবে দেখছে এবং শহরগুলোকে অভ্যন্তরীণ সংহতকরণ ও সেবা প্রদানের জন্য প্রস্তুত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শহর ও স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আবেদনের সংখ্যা কমে আসায় স্বস্তি তৈরি হয়েছে। তবে গত বছরের বিশাল সংখ্যক আশ্রয়প্রার্থীকে সেবা ও বসবাসের ব্যবস্থা দিতে এখনও চ্যালেঞ্জ রয়েছে।

















