ইউরোপীয় নেতারা অনিয়মিত অভিবাসন মোকাবিলায় নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন
ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। সম্মেলনে অ্যান্ডোরা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, ইতালি, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা, ইউরোপীয় কমিশনের সভাপতি এবং ইউরোপীয় পার্লামেন্টের সভাপতির উপস্থিতিতে যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতারা জানিয়েছেন, অভিবাসন সমস্যার জটিলতা মোকাবিলায় পুরো রুটকে কেন্দ্র করে পদক্ষেপ নেওয়া হবে। মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সীমান্ত সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সীমান্ত অতিক্রম করে কাজ করার ক্ষমতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং তথ্য ভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে। পাচারকারী চক্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং অন্যান্য নতুন পদক্ষেপ গ্রহণের বিষয়েও নেতারা সম্মত হয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অভিবাসন ব্যবস্থার আইনগত কাঠামো ও আশ্রয় নীতিকে আরও শক্তিশালী করতে হবে এবং ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস ও শরণার্থী কনভেনশনকে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহার করা হবে। এছাড়া, ফেরত পাঠানো কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। উৎস দেশ ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে এবং কূটনৈতিক সম্পর্ক, ভিসা নীতি এবং তৃতীয় দেশের সঙ্গে চুক্তি ব্যবহার করে দ্রুত ফেরত পাঠানো নিশ্চিত করা হবে।
নেতারা বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান ব্যবহার করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে, মানবপাচারকারীর ব্যবসায়িক মডেল ভেঙে দেওয়া হবে এবং অনিয়মিত অভিবাসন সীমিত করা হবে। এছাড়া, আন্তর্জাতিক সংস্থা যেমন আইওএম ও ইউএনএইচসিআরের উদ্যোগ সমর্থন করা হবে, যা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বেচ্ছায় ফেরত যাওয়ার কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবে।

















