আসন্ন নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষককে স্বাগত জানাবে সরকার
সরকার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পর্যবেক্ষণ মিশনের অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, তাদের আমরা উৎসাহিত করব। তবে আমরা চাই না কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্যবেক্ষণের নামে দেশের সুনাম ক্ষুণ্ন করতে আসুক।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশে প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠিয়েছে। তিনি এটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখেন।
তৌহিদ হোসেন আরও জানান, নির্বাচনের সময় আরও আন্তর্জাতিক প্রতিনিধিদল বাংলাদেশে আসবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ হোক যাতে ভোট প্রক্রিয়া কতটা স্বচ্ছ, স্বাধীন ও সুষ্ঠু হচ্ছে, তা সবার সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তবে তা নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও আস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেয় এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানায়।


















